শেখ জামাল ক্লাবে ফিরতে হবে আট খেলোয়াড়কে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৪:১৮
 
আট ফুটবলারকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবেই থাকতে হবে বলে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
সোমবার ওই আট খেলোয়াড়কে শেখ জামাল ক্লাবের হয়ে খেলার নির্দেশ দেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ।
 
আটজন খেলোয়াড় হলেন—মামুনুল, রায়হান, জামাল ভূঁইয়া, শহীদুল ইসলাম, সোহেল রানা, ইয়ামিন, শেখ রানা ও নাসির।
 
আজ আদালতে বাফুফের পক্ষে ব্যারিস্টার ফজলে নূর তাপস আর শেখ জামাল ক্লাবের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আপিলের শুনানি করেন।
 
আদালত সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ খেলার জন্য শেখ জামাল ক্লাবের আটজন খেলোয়াড়কে নেয় বাফুফে। এরপর ১৮ জানুয়ারি বাহরাইনের কাছে বাংলাদেশ দল হেরে গোল্ডকাপ থেকে বিদায় নেয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী এসব চুক্তিভিত্তিক খেলোয়াড় ক্লাবকে ফেরত দেয়ার কথা ছিল বাফুফের।
 
কিন্তু গোল্ডকাপ শেষ হওয়ার পরও ফেরত না দিয়ে ওই আটজনকে ঢাকা আবাহনী, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর মধ্যে বণ্টন করে দেয় বাফুফে। শেখ জামাল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও এ তিনটি ক্লাবে খেলোয়াড় বণ্টন নিয়ে বাফুফে যে সিদ্ধান্ত নিয়েছে, তা বেআইনি দাবি করে গত ২৭ মার্চ হাইকোর্টে রিট করে শেখ জামাল ক্লাব।