গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৫:১৬
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন (৩৬) জেলার কালিয়াকৈর উপজেলার খলিসাজানির বাসিন্দা।
 
সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় ঘোষণা করেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি স্ত্রী মঞ্জিলা খাতুনের কাছে তার স্বামী ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কফিল উদ্দিন স্ত্রী মঞ্জিলাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
 
এ ঘটনায় মঞ্জিলার ভাই বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে কফিল উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র প্রদান করে। আদালত অভিযোগ আমলে নিয়ে আটজনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় প্রদান করে।