দুইদিন বন্ধ থাকার পর কাগজে ছাপানো কার্যতালিকা মঙ্গলবার থেকে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৫:২৭
দুইদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারো কাগজে ছাপানো কার্যতালিকা প্রকাশ করবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দাবির প্রেক্ষিতে প্রধানবিচারপতি এসকে সিনহা আবারো কাগজে ছাপানো কার্যতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। অনলাইন কার্যতালিকার পাশাপাশি আগামী তিনমাস কাগজে ছাপানো এই তালিকা প্রকাশ করা হবে। 
 
গত রবি ও আজ সোমবার কাগজে ছাপানো কার্যতালিকার পরিবর্তে শুধুমাত্র অনলাইন কার্যতালিকা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এবং এই অনলাইন কার্যতালিকা অনুসরন করেই হাইকোর্টের অর্ধশত বেঞ্চে মামলার শুনানি ও নিষ্পত্তি হয়েছে। কিন্তু সাধারণ আইনজীবীরা অনলাইনের পাশাপাশি কাগজে ছাপানো কার্যতালিকা প্রকাশের দাবি জানায়। এই নিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। সাধারণ আইনজীবীদের এই দাবির বিষয়টি প্রধান বিচারপতিকে আজ সকালে অবহিত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটি। 
 
কমিটির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কাগজে ছাপানো কার্যতালিকা প্রকাশের জন্য প্রধানবিচারপতির কাছে অনুরোধ জানান। প্রধানবিচারপতি তাদের অনুরোধের প্রেক্ষিতে আগামী জুন মাস পর্যন্ত অনলাইনের পাশাপাশি কাগজে ছাপানো কার্যতালিকা প্রকাশের নির্দেশ দেন। 
 
প্রসঙ্গত, ৩১ মার্চ পর্যন্ত কাগজে ছাপানো কার্যতালিকা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এরপর রবি ও সোমবার শুধুমাত্র অনলাইন কার্যতালিকা প্রকাশ করে বিচার কাজ চলে।