ধর্মঘটে অচল খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব ৭ জুটমিল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৭:১৯
বকেয়া মজুরি প্রদান ও পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করাসহ ৫ দফা দাবিতে শ্রমিকদের লাগাতার ধর্মঘটে অচল হয়ে পড়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো।
 
সোমবার সকাল ৬টা থেকে রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বানে খুলনা অঞ্চলের ৭টি রাষ্ট্রায়ত্ব পাটকলে এ ধর্মঘট কর্মসূচি পালিত হয়। প্রায় ৩৫ হাজার শ্রমিক এই ধর্মঘটে অংশ গ্রহণ করছে।
 
শ্রমিক নেতারা জানান, পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে মিলগুলোকে উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের মত অবিলম্বে রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ২০১৩ সালের ১ জুলাই ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে গত রবিবার এ ধর্মঘটের ডাক দেয়া হয়। এই দাবি আদায়ে ইতিপূর্বে রাজপথ, রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শ্রমিকরা।
 
সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সদস্য সচিব জাকির হোসেন বলেন, পূর্বের ডাকা চতুর্থ ধাপের ২১ দিনের কর্মসূচি অনুযায়ী ৩ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা ছিল। সে অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ায় সোমবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। দাবি আদায় না হলে ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবারো রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
 
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, মিলগুলোতে প্রয়োজনীয় পাট নেই, অর্থ নেই। শ্রমিকদের ৬ থেকে ৩৭ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। এমন অবস্থায় শ্রমিকদের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে দফায় দফায় কর্মসূচি দিতে হয়েছে।