জাসদের দুই অংশকে শুনানিতে ডেকেছে ইসি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২০:১৬
 
খণ্ডিত জাসদের দুই অংশকে আগামী বুধবার শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশন সভায় জাসদের মূল অংশ চিহ্নিত করতে শুনানির সিদ্ধান্ত হয়।
 
ইসি সূত্রে জানা গেছে, বিদ্যমান জটিলতা নিরসনের জন্য শুনানির সিদ্ধান্ত হয়েছে। ৬ এপ্রিল দুই পক্ষকে ডাকা হয়েছে।
 
ইসি কর্মকর্তারা জানান, ওই দিন সকাল ১১টায় হাসানুল হক ইনু ও শিরীন আখতারের এবং বিকাল তিনটায় মইন উদ্দিন খান বাদল ও নাজমুল হক প্রধানের বক্তব্য শুনবে ইসি। তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।
 
গত ১২ মার্চ জাসদের জাতীয় সম্মেলনে দুটি কমিটি গঠন হলে দুই অংশই নিজেদের মূল অংশ দাবি করে দলীয় প্রতীক মশাল চায় ইসির কাছে। ইউপি নির্বাচন চলার মধ্যে জাসদের দুই অংশই মশাল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেয়া শুরু করলে জটিলতা দেখা দেয়।