রাবারড্যামে কৃষকের ভাগ্য বদল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২২:০১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর নলকুড়ার রাবারড্যাম পাল্টে দিয়েছে কৃষকদের ভাগ্যের চাকা। এ রাবারড্যামের পানিতে অনাবাদি জমি আবাদের আওতায়।
 জানা গেছে, সেচ সুবিধার অভাবে প্রতি বছর বোরো মৌসুমে এসব জমি অনাবাদি থাকতো। চলতি ইরি-বোরো মৌসুমে এ রাবারড্যামের পানিতে প্রায় ১ হাজার হেক্টর অনাবাদি জমি আবাদের আওতায় এসেছে।
 
শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য একেএম ফজলুল হক এ রাবার ড্যামটির নির্মাণ কাজ হাতে নেন।  জাইকার ৮ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে এলজিইডির তত্ত্বাবধানে ২০১৩ সালে এ রাবার ড্যামটি নির্মাণ কাজ শুরু হয়। চলতি বোরো মৌসুমের পূর্বেই রাবারড্যাম নির্মাণ সম্পন্ন হয়। ফরিদপুরের নির্মাণ প্রতিষ্ঠান মেসার্স রাফিয়া কন্সট্রাকশনের স্বত্বাধীকারী ইমতিয়াজ হোসেন রুবেল ড্যাম নির্মাণ কাজটি সম্পন্ন করেন।
 
উপজেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. কোরবান আলী বলেন, চলতি মৌসুমে এ রাবারড্যামের পানি সেচ কাজে ব্যবহার করে প্রায় ১ হাজার হেক্টর অনাবাদি জমি আবাদের আওতায় আনা হয়েছে।