‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে’

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ২২:৩১
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বলেছেন, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করেছে।
 
সোমবার সকালে ফেনীর দাগনভূঁঞা উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে কালো অধ্যায়ের সূচনা হয়। মুক্তিযুদ্ধ বিরোধি শক্তি রাজাকার-আলবদর বাহিনীর নেতাদের গাড়িতে ওঠে বাংলাদেশের জাতীয় পতাকা।
 
স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা ১৯৭১ সালে দেশকে হানাদার মুক্ত ও স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন করেছেন। এখন দেশের সার্বিক উন্নয়নের জন্য ও মুক্তিযুদ্ধের ধারাকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করুন।
 
দাগনভূইয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যা বাঙ্গালীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অথিতি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন।