টেসলা মডেল থ্রি’র জন্য তিন দিনে ২ লাখ ৭৬ হাজার অগ্রিম বুকিং

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ০৯:৪০
ইলেকট্রিক গাড়ির জগতে আলোড়ন তোলা টেসলা নতুন রেকর্ড করেছে। প্রতিষ্ঠানটির নতুন ইলেকট্রিক গাড়ি টেসলা মডেল থ্রি’র জন্য প্রথম তিন দিনেই ২ লাখ ৭৬ হাজার অগ্রিম বুকিং জমা পড়েছে।
 
গত রবিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলোন মাস্ক এক টুইটের মাধ্যমে এ কথা জানান।
 
প্রতিষ্ঠানটির অন্যান্য মডেলের তুলনায় এর দাম কিছুটা কম হওয়ায় এবং অত্যাধুনিক কিছু ফিচার থাকায় শুরু থেকেই বেশ আলোচিত হয়েছে মডেলটি।
 
টেসলার সাড়া জাগানো এ গাড়িটির সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার ডলার। তবে ১ হাজার ডলার জমা দিয়ে গাড়িটির জন্য অগ্রিম বুকিং দেওয়ার সুযোগ রয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ব্রাজিল, চীন প্রভৃতি দেশে।
 
পাঁচ আসনবিশিষ্ট গাড়িটি আগামী বছরের শেষের দিকে বাজারে আসতে পারে বলে জানিয়েছে টেসলা।
 
টেসলা মডেল থ্রি’র জন্য এই বিপুল পরিমাণ অগ্রিম বুকিংয়ে অভিভূত হয়েছে প্রতিষ্ঠানটি। এলোন মাস্কও বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত। প্রথমদিনের অগ্রিম বুকিং শেষে এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমাদের এখন গাড়িটির উত্পাদন নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে।’
 
মূলত এই গাড়িটি বাজারে আনার মাধ্যমে টেসলা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বার্তা দিতে চাচ্ছে। আর তা হলো অন্যান্য প্রতিষ্ঠানের মতো টেসলাও সব ধরনের গ্রাহকদের জন্য তাদের গাড়ির বাজার উন্মুক্ত করতে আগ্রহী।
 
এর আগে এলোন মাস্ক জানিয়েছিলেন, পূর্ণ মাত্রায় উত্পাদন চালুর পর প্রতি বছর পাঁচ লাখ গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
 
এখানে উল্লেখ্য যে, গত বছর টেসলা ৫০,৫৮০টি গাড়ি বিক্রি করেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল মডেল এস।