খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলছে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১০:২৩
পাটশিল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ পাঁচদফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন।
 
মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত। নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ।
 
খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কারপেটিং জুট মিলের ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে এ অবরোধ পালন করছেন। এতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহবায়ক মো. সোহরাব হোসেন।
 
উল্লেখ্য, গত রবিবার ইস্টার্ন জুট মিলস এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও অবরোধের ডাকা দেয়া হয়।