২০১৩ সালে এক চুক্তির মাধ্যমে মাইক্রোসফটের কাছে মোবাইল বিভাগ বিক্রি করে প্রযুক্তি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া। এরপর দুই বছরের জন্য নকিয়া নাম ব্যবহার করে হ্যান্ডসেট বাজারে আনার অধিকার হারায় প্রতিষ্ঠানটি।
তবে আবারও ২০১৬ সালের মধ্যেই হ্যান্ডসেট তৈরিতে ফিরছে নকিয়া। ইতোমধ্যে এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
বাজারে আসার ব্যাপারে প্রতিষ্ঠানটির নানান খবর শোনা গেলেও কি বা কোন ধরনের পণ্য নিয়ে আসতে যাচ্ছে তারা সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এবার ব্যাপারটা স্পষ্ট হয়েছে। জানা গেছে, স্মার্টফোন উৎপাদনেই ফিরছে নকিয়া। আর তা এ বছরের মধ্যেই। সূত্র- ডিজিটাল ট্রেন্ড।
‘নকিয়া এ১’ দিয়ে বাজারে প্রবেশ করবে নকিয়া। চলতি বছরের মাঝামাঝি নাগাদ এ হ্যান্ডসেট উন্মোচন করা হতে পারে।
‘নকিয়া এ১’ ডিজাইনটি আগের নকিয়া লুমিয়া ফোনের চেয়ে কিছুটা ভিন্ন। অ্যান্ড্রয়েড ৬ মার্শমালো সফটওয়্যার চালিত এই ফোনে নেভিগেশনের জন্য সামনের দিকে ক্যাপাসিটিভ কি রয়েছে। সেই সঙ্গে ফিরে আসছে প্লাস্টিক ব্যাক।
এতে ৫ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যার রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর ব্যবহার করা হবে।
বিশ্বের জনপ্রিয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ১২ বছর শীর্ষস্থান দখল করে রাখে নকিয়া। তবে অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের কাছে বাজার হারানোর কারণে মাইক্রোসফট কিনে নেয় প্রতিষ্ঠানটিকে।
