রাজধানীতে বাসার ছাদ থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তানভীর হাসান সুশান (২৪) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি জামালপুর সদরে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রমনা থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বড় মগবাজারের ৩/৫/বি নম্বরে ছয় তলার বাড়ির ছাদে তার মৃতদেহ পাওয়া যায়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, কয়েক সপ্তাহ আগে তানভির তাবলিগের চিল্লায় কুড়িগাম যাবেন বলে পরিবারকে জানায়। পরে কুড়িগ্রাম থেকে বড় মগবাজারের ওই বাসায় তিন বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন তিনি।
তিনি জানান, এক ভাই ও এক বোনের মধ্যে সুশান বড় ছিলেন। দুইদিন আগেই সুশান নিখোঁজ হন বলে দাবি করেন তার পিতা মুজিবুর রহমান। নিখোঁজের ঘটনায় তিনি একটি জিডিও করেছিলেন।
সুশানের বাবা জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন ছিল। সুশান আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে তার পরিবার।
