নওগাঁর পত্নীতলায় তিন ভুয়া চিকিৎসককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নাদোর গ্রামের মৃত নইফত আলীর ছেলে ময়েন উদ্দিন (৫৮) তার ছেলে দেলোয়ার হোসেন (৩০) এবং হরিপুর গ্রামের গরিন উদ্দিনের ছেলে বাবুল আকতার (৪২)।
সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী ভূমি কমিশনার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন এ রায় প্রদান করেন। এ সময় ক্লিনিকটি সিলগালা করে মালামাল জব্দ করা হয়।
জানা গেছে, ভুয়া চিকিৎসকরা ‘আশা ক্লিনিক’ নাম দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ছাড়াও গত দুই মাস ধরে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসক পরিচয় দিয়ে গোপনে বিভিন্ন ধরনের অপারেশন করে আসছিলেন এসব চিকিৎসক। সোমবার রাত নয়টার দিকে ওই ক্লিনিকে এক রোগীর পিত্তথলী অপারশেন করছিলেন ময়েন উদ্দিন এবং তার ছেলে দেলোয়ার হোসেন ও বাবুল আকতার। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
পত্নীতলা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
