আফগানিস্তানে ব্র্যাকের ২ কর্মকর্তা উদ্ধার : পরিবারে স্বস্তি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:২৭
অপহরণের ১৮ দিন পর অবশেষে উদ্ধার হয়েছে আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তা শওকত আলী (৫০) ও সিরাজুল ইসলাম সুমন (৩৫)। আর এ খবরে তাদের নিজ জেলা পাবনায় স্বজনদের মাঝে  বইছে আনন্দের বন্যা।
 
সুমন পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের এজেম উদ্দিন প্রামানিকের ছেলে। অপরজন শওকত আলীর বাড়ি জেলার ফরিদপুর উপজেলার হাঙরাগাড়ি গ্রামে।
 
ব্র্যাকের ঢাকা অফিসের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবির সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ভোরে তারা দু’জনেই ছাড়া পেয়ে কাবুলে ব্র্যাকের অফিসে ফিরেছেন। তারা সুস্থ আছেন, তবে শারীরিকভাবে কিছুটা দুর্বল। স্থানীয় নেতাদের সহায়তায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ভোরে তারা অক্ষত অবস্থায় মুক্তি পেয়ে তারা ব্র্যাকের কাবুল অফিসে ফিরেছেন।
 
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাজী শওকতের ভাই সরকার মোহাম্মদ আলী বলেন, সোমবার বিকেল তিনটার দিকে ব্র্যাকের তরফ থেকে বলা হয়, আপনার আমার ভাই হাজী শওকত সুস্থ দেহে উদ্ধার হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার পর আমার ভাইয়ের সঙ্গে ফোনে ৩০ সেকেন্ডে মতো কথাও হয়েছে। তিনি শুধু বলেছেন, ‘আমি জীবিত আছি’ এই বলে হাউমাউ করে কেঁদে ফেলেন। এরপর থেকে আমাদের পরিবারের সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে।
 
অপরদিকে সিরাজুল ইসলাম সুমনের স্ত্রী লতা খাতুন বলেন, আমার স্বামীকে উদ্ধার করা হয়েছে-এই খবর পেয়ে আমি খুবই খুশি। সকাল সাড়ে নয়টার দিকে ফোনে কয়েক সেকেন্ড তার সাথে আমার কথা হয়েছে। তিনি শুধু আমাকে বলেছেন ‘আমি ছাড়া পেয়েছি, ভাল আছি, পরে কথা বলবো’।
 
প্রসঙ্গত গত ১৭ মার্চ আফগানিস্তানের কন্দুজ থেকে বাগলান এলাকায় যাওয়ার পথে অস্ত্রের মুখে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হাজি শওকত ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম সুমনকে অপহরণ করে বন্দুকধারীরা।