নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে স্বাধীনতা কাপে মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে তারা।
সোমবার বর্তমান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারায় তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ গ্রুপের ম্যাচে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের গোল দুটি করেন এনামুল হক ও ওয়েডসেন আনসেলমে।
মোহামেডানের রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে নবম মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। ল্যান্ডিং ডারবোর ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এনামুল। সাত মিনিট পর ওয়েডসেনের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে লিগের শিরোপাধারীরা। এমেকা ডারলিংটনের লম্বা পাস ধরে গায়ের সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোলটি করেন হাইতির এই ফরোয়ার্ড।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া মোহামেডান গোলের একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লন্ড্রির হেড লক্ষ্যে থাকেনি। শেষ দিকে ইসমাইল বাঙ্গুরার ক্রস গোলরক্ষক বরাবর মেরে নষ্ট করে জনি।
ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।
