দুদক কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার নিন্দা বিএফইউজে ও ডিইউজের

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:৪৭
 
দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্রের তথ্য অনুযায়ী দুদকের এ ধরণের নিষেধাজ্ঞা সাংবাদিকদের সঙ্গে প্রতিষ্ঠানটির দূরত্ব সৃষ্টি করার পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবে। দেশে দুর্নীতি দমনে সরকার ও দুদকের পাশাপাশি সাংবাদিক সমাজ যে ভূমিকা রাখছে তার মূলে কুঠারাঘাত করবে এই সিদ্ধান্ত। যেখানে বর্তমান সরকার তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণয়ণ করেছে ও তথ্য কমিশন গঠন করেছে সেখানে একটি বিশেষ প্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা সরকারের মহত্ উদ্যোগের পরীপন্থী।
 
নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে দুদককে সরে আসার আহবান জানিয়ে প্রতিষ্ঠানটিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। নতুবা পরিস্থিতি বিবেচনায় কঠোর কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করেন। তারা বলেন, এ ঘটনার সূত্র ধরে দুদক ও সাংবাদিক সমাজের মধ্যে নতুন কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব দুদককে নিতে হবে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ২০১৬ সোমবার থেকে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।