আইপিএল খেলতে ভারতে সাকিব ও মুস্তাফিজ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৮:৫৭
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পর কয়েকদিনের বিরতির পর আবার শুরু ক্রিকেটারদের ব্যস্ততা। আইপিএল খেলতেই ভারত রওনা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
 
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি সাকিব।অন্যদিকে মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলবেন। ভারত যাওয়ার আগে নিজের ফেসবুক পেজে একটি ছবিও পোস্ট করেন সাকিব।
 
এর আগে আইপিএলে সাকিব কলকাতার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন দু’বার। ব্যাটে বলে অনবদ্য পারফর্মেন্স করা এই অলরাউন্ডারকে আগে থেকেই নিজেদের দলে রেখে দিয়েছে কলকাতা। শাহরুখ খানেরও অনেক পছন্দ সাকিবকে। তাছাড়া কলকাতাবাসীর ভালোবাসাও পেয়েছেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুইটি ম্যাচ কলকাতার ইডেনে খেলেছেন তিনি। সেখানে অনেকেই শুধু সাকিবের খেলা দেখতেই মাঠে জড়ো হয়েছিলেন।
 
এদিকে প্রথমবার আইপিএল খেলতে গেলেও ভয় পাচ্ছেন না মুস্তাফিজ। মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এ অনাপত্তি পত্র (এনওসি) নিতে আসেন মুস্তাফিজ। এসময় সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেননি তিনি। এক প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, ‘ আসলে সেভাবে ভয় পাচ্ছি না। আইপিএল খেলতে একা যাচ্ছি এটাতেই একটু ভয় লাগছে। তবে খেলা নিয়ে কোনও ভয় নেই। যেভাবে খেলে এসেছি, সেভাবেই খেলতে চাই।’