দ. কোরিয়ায় হামলার কাল্পনিক ভিডিও ছাড়ল পিয়ংইয়ং

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৯:১৬
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউজ এবং অন্যান্য সরকারি ভবনে রকেট হামলার কাল্পনিক ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা একে উস্কানিমূলক হিসেবে বর্ণনা করছেন।
 
সোমবার ডিপিআরকে টুডে ওয়েবসাইটে ভিডিওটি প্রকাশ করা হয়। ওয়েবসাইটটি মাত্র ১০ দিন আগে ওয়াশিংটনে পরমাণবিক বোমা হামলার অপর একটি কাল্পনিক ভিডিও প্রকাশ করেছিল।
 
‘ইফ দ্য আলটিমেটাম গোজ আন এনসার্ড’ শিরোনামের ভিডিওটি মাত্র ৮৮ সেকেন্ডের। উত্তর কোরিয়া থেকে ব্লু হাউজ লক্ষ্য করে রকেট নিক্ষেপ এবং তা ওই ভবনকে ধ্বংস করে দিচ্ছে এমন দৃশ্য দেখা যাচ্ছে।
 
গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া তাদের চতুর্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকেই কোরীয় উপদ্বীপে ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে।
 
গত মাসে পিয়ংইয়ং, সিউল ও ওয়াশিংটনে আবারো হামলা চালানোর হুমকি দেয়। তাদের এ ধরনের হুমকির প্রেক্ষাপটে গত মার্চ মাসের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের বার্ষিক সামরিক মহড়া শুরু করে। মহড়াটি অব্যাহত রয়েছে। সূত্র: এএফপি