জাতীয় হ্যাকাথন শুরু আগামীকাল

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২০:৩৩
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে নির্বাচিত দশটি বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হ্যাকাথন ২০১৬। ৬ ও ৭ এপ্রিল রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি)  কনভেনশ হলে অনুষ্ঠিত হবে দুই দিনের এই হ্যাকাথন।
 
এ বছর হ্যাকাথনে অংশ নেবেন সারাদেশের প্রায় ২ হাজার প্রতিযোগী।  কৃষি উৎপাদন, নবজাতক ও শিশু, সড়ক দূর্ঘটনা, শিক্ষায় মানসম্মত শিক্ষক, নারীর বিরুদ্ধে সহিংসতা, জ্বালানি সক্ষমতা, শহরের পরিবেশ, টেকসই পর্যটন, সামুদ্রিক সম্পদ ও দূর্নীতি- এসডিজির এই দশটি লক্ষ্য অর্জনে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তা কীভাবে প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করা যায় সে সমাধান খুঁজে বের করবে অংশগ্রহনকারী প্রতিযোগীরা। ৩৬ ঘণ্টাব্যাপী প্রোগ্রামিংয়ের মাধ্যমে হ্যাকাথনে অংশগ্রহণকারীরা সলিউশনের প্রোটোটাইপ (নমুনা সমাধান) তৈরি করবেন।
 

৬ এপ্রিল সকালে জাতীয় এ আয়োজনের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস প্রমুখ।