ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের বিবেক ও লজ্জাবোধ বলতে কিছু নেই। লজ্জা ও বিবেকবোধ থাকলে একটি দিনের জন্যও তিনি এই পদে বহাল থাকতেন না।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দীন আহমদ বলেন, নির্বাচন ঘিরে এত মানুষ মারা গেল। কিন্তু ইসি কোনো পদক্ষেপ নিচ্ছে না। আশা করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা পদত্যাগ করে অন্যদের ওপর দায়িত্ব দেবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় আজ হোক কাল হোক এ বিষয়ে মামলা হবে।
এমাজউদ্দীন বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন নিয়ে বিএনপির আন্দোলনের সময় যত লোক মারা গিয়েছিল, নির্বাচনী সহিংসতায় তার চেয়ে কোনো অংশে কম লোক মারা যায়নি। রিজার্ভ ব্যাংকের টাকা চুরির প্রসঙ্গে তিনি বলেন, শুধু পদত্যাগের মাধ্যমেই গভর্নরের পাপমোচন হয়নি। দায়িত্ববোধ থাকলে তিনি সঠিক কথা বলে পদত্যাগ করতেন।
