ফেনীতে চুরির অভিযোগে এক যুবককে পিলারের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতনের পর বিবস্ত্র করা হয়েছে।
নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে নিন্দার ঝড় ও নির্যাতনকারীদের বিচারের দাবি উঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফেনী শহরতলীর কালীপালে দশমীঘাট সংলগ্ন স্থানে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল চুরির অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে শহরের কালি মন্দির মার্কেটের হরে কৃষ্ণ স্টোরের মালিক অর্জুন দাস ও তার সঙ্গীরা ঘটনাস্থলে পৌঁছে দোকান ঘরের পিলারের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালায়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। এর পর ওই যুবকের খবর কেউ জানে না। এমন অমানবিক ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি করেছে সচেতন নাগরিকেরা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ছবি প্রকাশিত হলে নিন্দার ঝড় ও নির্যাতনকারীদের বিচারের দাবি উঠে। নির্যাতনকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান সচেতন নাগরিকেরা।
মানবাধিকার কর্মী জাহাঙ্গির আলম নান্টু বলেন, অপরাধীকে আইনের হাতে তুলে না দিয়ে আইন নিজের হাতে তুলে নেয়া অন্যায়। এ সংস্কৃতি মোটেই সমাজের জন্য কল্যাণকর নয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। কেউ কোন অভিযোগ করেনি।
