বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ভেঞ্চার ক্যাপিটালের মতবিনিময়

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২১:২৬
বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান এম খাইরুল হোসেনের সাথে এক সৌজন্য মতবিনিময় সভা করেছেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) প্রতিনিধিবৃন্দ।
 
মঙ্গলবার বিএসইসি কার্যালয়ে ভিসিপিইএবি সভাপতি শামীম আহসান নেতৃত্বে প্রতিনিধিদলটি মতবিনিময় করেন। তিনি বলেন, গুগল, ফেসবুকসহ বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর বর্তমান অবস্থানে আসতে সবচেয়ে বেশি ভূমিকা ছিলো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর। বিএসইসির সহায়তায় বাংলাদেশি কোম্পানিকে এগিয়ে নিতে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলো একইভাবে কাজ করবে।
 
মতবিনিময়কালে দ্রুততম সময়ে একটি যথাযথ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুলস চূড়ান্ত করার জন্য বিএসইসি চেয়ারম্যানকে ভিসিপিইএবি’র পক্ষ থেকে সভাপতি শামীম আহসান ধন্যবাদ জানান।
 
এছাড়া সভায় বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি বিষয়ে ভবিষৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। এসময় বিএসইসি চেয়ারম্যান এম খাইরুল হোসেন ভিসিপিইএবি’র বিভিন্ন ভালো উদ্যোগকে সমর্থন ও সংগঠনটিকে এগিয়ে নিতে সম্ভব প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
 
তিনি বলেন, বাংলাদেশের ছোট কোম্পানিগুলো যাতে আরও বিনিয়োগ পেতে পারে তার জন্য শিগগিরই ‘স্মল ক্যাপ বোর্ড’ গঠন করা হবে।
 
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী, নির্বাহী পরিচালক হাসান মাহমুদ, মাহবুবুল আলম, উপ-পরিচালক শেখ লুৎফুল কবির, ভিসিপিইএবি’র সহ-সভাপতি ও সিফ বাংলাদেশ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক জিয়া ইউ আহমেদ, মহাসচিব ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, পরিচালক ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও দ্য ওসিরিস গ্রুপের বিনিয়োগ পরিচালক মির্জা মো. শফিকুল ইসলাম।