জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতীক নিয়ে দ্বন্দ্বের অবসান করতে দুই পক্ষকেই শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম দফার শুনানিতে দলটির একপক্ষের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের শুনানি করছে নির্বাচন কমিশন।
দ্বিতীয় দফায় বিকাল তিনটায় অপর পক্ষের সভাপতি মঈনুদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এই বিভক্তি চূড়ান্ত হয়।
ইনুর অংশ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের সমর্থিত প্রার্থীর প্রতীক 'মশাল' দেয়ার জন্য ইসিতে চিঠি দেয়। প্রকৃতপক্ষে মশাল কার হাতে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই শুনানিতে করছে ইসি।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসসহ অন্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সিরাজুল ইসলাম উপস্থিত আছেন।
