এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করল হোয়াটসঅ্যাপ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৩:১৯
ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঠেকাতে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ যোগ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশনে প্রেরকের পাঠানো বার্তা একমাত্র প্রাপকের ডিভাইসে বোধগম্য অবস্থায় পাওয়া যাবে। এই ব্যবস্থায় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বা কোনো সাইবার অপরাধী চক্র প্রেরকের পাঠানো বার্তা পড়ার সুযোগ পাবে না।
 
শুধু ক্ষুদে বার্তায়ই নয়, হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল বা ভয়েস কলেও এন্ড-টু-এন্ড এনক্রিপশনে থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সূত্র- বিবিসি।
 
আইফোন আনলক নিয়ে অ্যাপল-এফবিআই যুদ্ধের প্রেক্ষিতে ব্যবহারকারীদের অধিকতর নিরাপত্তা দিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগ গোপনীয় রাখাকে নিজেদের ‘কোর বিলিফস’ এর অংশ বলে জানিয়েছে ফেসবুকের মালিকানাধীন কোম্পানিটি।
 
এন্ড-টু-এন্ড এনক্রিপশনের ব্যাপারে হোয়াটসঅ্যাপ সংশ্লিষ্টদের ভাষ্য, এই ধারণাটা কঠিন কিছু না। যখন আপনি মেসেজ পাঠাবেন, যাকে বা যে গ্রুপকে পাঠাচ্ছেন কেবল তারাই মেসেজটি পড়তে পারবেন। অন্য কেউই মেসেজে কি আছে তা দেখতে পাবে না। কোনো সাইবার অপরাধী না, কোনো হ্যাকার না, কোনো আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ না, এমনকি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও না।
 
এই ব্যবস্থাকে সাধুবাদ জানিয়ে একে এক ‘বিরাট বিজয়’ অভিহিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
 
হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে। মেসেজ পাঠানোর সময় এই সুবিধার ব্যাপারে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেখানো হবে। তিনি এন্ড-টু-এন্ড এনক্রিপশনকে সেটিংয়ে ডিফল্ট করলেই এই সুবিধা পাবেন।