মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বে তৃতীয় অবস্থানে বাংলাদেশ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৩:২৯
মৃত্যুদণ্ড দেয়ার ক্ষেত্রে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে ২০১৫ সালে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে ১৯৭টি। 
 
এত ব্যাপকভাবে মৃত্যুদণ্ড দেয়া হলেও কার্যকর হয়েছে মাত্র চারটি। মানবাধিকার প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক প্রতিবেদনে এমনটাই জানাচ্ছে। ২০১৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারই বার্ষিক খতিয়ান তুলে ধরেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
 
অ্যামনেস্টি জানিয়েছে গত বছর, সব মিলিয়ে ১৬শর বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টির হিসেবে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে চীনে এবং দেশটিতে এক হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর পরেই আছে ইরান এবং সেখানে কমপক্ষে ৯৭৭টি মৃত্যুদণ্ডের হিসাব রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানে ৩২৬টি, চতুর্থ অবস্থানে থাকা সৌদি আরবে ১৫৮টি। তালিকার ১৪তম স্থানে আছে বাংলাদেশ এবং মৃত্যুদণ্ডের সংখ্যা ২০১৫ সালে ৪টি বলে অ্যামনেস্টির রিপোর্টে উল্লেখ করা হয়।
 
তবে ২০১৫ সালে মৃত্যুদণ্ডের রায়ের দিক থেকে প্রতিবেশী পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। সংস্থাটির হিসেবে মোট রায় হয়েছে ১৯৭টি। ২০১৫ সালে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে যেসব দেশের তার মধ্যেও শীর্ষে চীন । দেশটিতে সর্বোচ্চ এই দণ্ডের এক হাজার রায় দেয়া হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরে ৫৩৮টি রায় হয়েছে। অ্যামনেস্টি হিসেবে ৬১টি দেশে অন্তত ১৯৯৮টি মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে গত বছর জুড়ে। বিবিসি।