বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪০

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:১৩
 
বাগেরহাটে যাত্রীবাহী বাসের সাথে অটোটেম্পুর সংঘর্ষে তাকদীর ফকির (২৪) নামের এক টেম্পু চালক নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৪০ বাস যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত তাকদীর ফকির বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিম সায়েড়া গ্রামের হেমায়েত ফকিরের ছেলে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, বাসটি পিরোজপুর থেকে খুলনা যাচ্ছিল। এতে  ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলো। দুর্ঘটনায় সবাই কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
 

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার এসআই মো. রাজেদ আলী বলেন, বাসটি একটি টেম্পুকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে টেম্পু চালক তাকদীর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করে।