রূপগঞ্জে ১২০ কোটি টাকায় এএসইউয়ের নির্মাণ শুরু

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:২৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২০ কোটি টাকা মূল্যের এয়ার সেপারেশন ইউনিটের (এএসইউ) নির্মাণ কাজ শুরু করেছে লিন্ডে গ্রুপের গ্যাসেস ডিভিশনের সদস্য লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
 
২০১৫ সালের নভেম্বরে এই প্ল্যান্টে বিনিয়োগের ঘোষণা দেয় লিন্ডে। লিন্ডের নতুন এএসইউ বাংলাদেশে ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা, খাদ্য ও পানীয়, ফ্যাব্রিকেশন, ফার্মাসিউটিক্যাল, জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙ্গা শিল্পে তরলীকৃত গ্যাস এবং এ সম্পর্কিত আনুষঙ্গিক সেবা প্রদান করবে।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবী করা হয়েছে, রূপগঞ্জ প্ল্যান্টটির উৎপাদন ক্ষমতা লিন্ডে বাংলাদেশের বর্তমান উৎপাদন ক্ষমতাকে দ্বিগুণেরও বেশি করবে, যা বাংলাদেশের শীর্ষ গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে লিন্ডের অবস্থানকে আরও দৃঢ় করবে।
 
এএসইউ-এর ভিত্তি প্রস্তর স্থাপন নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির মাননীয় রাষ্ট্রদূত ড. টমাস প্রিন্জ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক।
 
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. টমাস প্রিন্জ বলেন, ‘এ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। লিন্ডে একটি বিশ্বখ্যাত জার্মান ব্লু চিপ কোম্পানি। লিন্ডে বাংলাদেশে বিনিয়োগ করে বাজারে বিশ্বস্ততা অর্জন করেছে। লিন্ডেকে প্রয়োজনীয় সহযোগিতা করে বাংলাদেশ সরকার সরাসরি বৈদেশিক বিনিয়োগকে সত্যিকারভাবে স্বাগত জানিয়েছে। আমি আশা করি, এই উদ্যোগ বৈদেশিক বিনিয়োগের একটি সফল উদাহরণ হিসেবে উপস্থাপিত হয়েছে, যা অন্যান্য বহুজাতিক কোম্পানিগুলো অনুসরণ করতে অনুপ্রাণিত হবে।’
 
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসা অতিথিদের প্রস্তাবিত প্ল্যান্টের ত্রিমাত্রিক দৃশ্য দেখানো হয়।