'জাতির কল্যাণে কাজ করার মত মহৎ আরকিছু হতে পারে না'

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৯:৫২
পরিকল্পনা মন্ত্রী এমপি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'দেশ ও জাতির কল্যাণে কাজ করার মত মহৎ কাজ আর কিছু হতে পারে না।'
 
কাজের মধ্য দিয়ে মানুষ নিজেকে অমরত্বের আসনে অধিষ্ঠিত করতে পারে উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিটি মানুষ যদি সমাজের জন্য কিছু অবদান রাখে তবে সে সমাজ কখনো পিছিয়ে থাকতে পারে না।'
 
আ হ ম মুস্তফা কামাল বুধবার কুমিল্লা জেলার দক্ষিণ সদর উপজেলার উজিরপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ ও টেলিভিশন ব্যক্তিত্ব মরহুম আবদুর রশীদ স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
এ সময় আ হ ম মোস্তফা কামাল বলেন, 'দেশ অভাবনীয় গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের ইতিহাসে এই প্রথমবারের মত দেশের জিডিপি'র প্রবৃদ্ধি সাত দশমিক শূন্য পাঁচ ভাগে উন্নীত হয়েছে।'
 
আলোচনা সভায় তিনি আরও বলেন, 'মাথাপিছু আয় বেড়ে ১৪শত ৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে এবং এফটিআই, ইউএসএইড এবং এডিবিসহ বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা আগামীর বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রগতির হিরন্ময় সম্ভাবনার দেশ হিসেবে আভাস দিচ্ছে।' খবর- বাসস।