সমুদ্রসম্পদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে জরিপজাহাজ কিনছে বাংলাদেশ সরকার। এই জরিপের ওপর ভিত্তি করে সমুদ্রের মৎস্য সম্পদ নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
মৎস্য অধিদপ্তরের সামর্থ্য উন্নয়নে ‘মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পে’র আওতায় মালয়েশিয়া থেকে জাহাজটি আমদানি করা হচ্ছে। ‘আরভি মীন সন্ধানী’ নামের জাহাজটি নির্মাণে মোট ব্যয় হয়েছে সাড়ে ৬৫ কোটি টাকা।
জাহাজটি বাংলাদেশে আনতে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকসহ ৭-সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার মালয়েশিয়া গেছেন। আগামী মে মাসের মধ্যে জাহাজটি দেশে পৌছবে বলে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রীর সফরসঙ্গীরা হলেন- বাংলাদেশ কোস্টগার্ডের পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাকসুদ আলম, সমুদ্র পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার নাজমুল হক, জাহাজটির স্কিপার মো. রাশিদুল করিম, মত্স্য অধিদপ্তরের ডিজি সৈয়দ আরিফ আজাদ, বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের পরিচালক এবিএম আনোয়ারুল ইসলাম।
জানা গেছে, নির্মিত জাহাজটির ফিটনেস পরীক্ষার জন্য তারা মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়া গেছেন।
উল্লেখ্য, জাহাজটির সহায়তায় দু’ধরণের সমুদ্রজরিপ যেমন: ল্যান্ড বেজড জরিপ এবং পিলাজিক ও ডিমার্সাল জরিপ করা যাবে। এই জরিপের মাধ্যমে সমুদ্রসম্পদের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণার ওপর ভিত্তি করে মত্স্য আহরণের মাত্রা নির্ধারণ করা যাবে।
