এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত সিলেটের বিশ্বনাথ উপজেলার স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখার সাবেক ব্যবস্থাপক হোসেন আহমদকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সিলেটের পরিচালক ডা. মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসেন আহমদের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সালিটিকা গ্রামে।
দুর্নীতি দমন কমিশন সিলেটের পরিচালক ডা. মো. আবুল হাসান জানান, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখায় দায়িত্ব পালনকালে হোসেন আহমদ গ্রাহকদের টাকা ভাউচারের মাধ্যমে লেনদেন করেন। কিন্তু লেনদেনের হিসাব ব্যাংকের হিসাব বিবরণীতে যোগ করেননি। গত বছরের ৯ জুলাই স্ট্যান্ডার্ড ব্যাংক, সিলেট আঞ্চলিক শাখার ভাইস প্রেসিডেন্ট এডিপি পারভেজ বাদী হয়ে হোসেন আহমদের বিরুদ্ধে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। একপর্যায়ে ওই মামলার তদন্তভার দুদকের কাছে আসে। তদন্তে দুদক এক কোটি ১৫ লাখ টাকারও বেশি আত্মসাতের প্রমাণ পায়।
ডা. হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাঠানটুলাস্থ একটি মিষ্টি ঘর থেকে হোসেনকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
