রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাজিমুদ্দিন (২৮)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এলএলএম-এর শিক্ষার্থী ছিলেন।
সূত্রাপুর থানার এএসআই আওয়াল জানান, রাতে ডিউটি শেষে তিনি লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন। পথে একরামপুর মোড়ে দেখতে পান এক যুবক পড়ে আছে। এ সময় স্থানীয়রা তাকে জানান- কয়েকজন যুবক প্রথমে তাকে গুলি করে। পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আওয়াল স্থানীয়দের সহযোগিতায় নাজিমুদ্দিনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজিমুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে নাজিমুদ্দিন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট জেলার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।
