বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে একটি দুর্নীতি মামলায় এ কে এম নাজিম উল্লাহ চৌধুরীর সাজা বহাল রেখেছে আপিল বিভাগ। তবে তিনি এরই মধ্যে ১৪ দিন সাজা ভোগ করায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাজা হিসেবে গণ্য করেছে। একই সঙ্গে তাকে যে জরিমানা করা হয়েছিল তা গত ৬ এপ্রিল পরিশোধ করেন। বৃহস্পতিবার এই অর্থের ট্রেজারি চালান আপিল বিভাগে দাখিল করেছেন।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগে আজ দুদকের আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
২০০৭ সালে আরব আমিরাত দূতাবাসে কর্মরত নিম্নপদের কর্মচারীদের বিভিন্ন খাত থেকে অর্থ অাত্মসাৎ করেছিলেন- এমন অভিযোগ নাজিম উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় ঢাকার একটি বিশেষ আদালত তাকে পাঁচ বছরের সাজা ও ২১ লাখ টাকা জরিমানা করেছিল। এই রায়ের বিরুদ্ধে নাজিম উল্লাহ আপিল করেন। আপিলে হাইকোর্ট নিম্ন আদালতের সাজা সংশোধন করে তিন বছরের কারাদণ্ড ও ছয় লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করে। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। শুনানি শেষে আপিল বিভাগ তার ১৪ দিন কারাভোগকে সাজা হিসেবে গণ্য করে।
