বিদ্যালয়ে ঢুকে শিক্ষকের উপর মাদক ব্যবসায়ীর হামলা, গ্রেফতার ১

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৫:১৩
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর এক বখাটে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার আনন্দ বিশ্বাস (৪৫) ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
 
বৃহস্পতিবার উপজেলার ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শরিফ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
 
জানা গেছে, শরিফ মিয়া ভাওড়া এলাকায় মাদক ব্যবসা করেন। শিক্ষক আনন্দ বিশ্বাস শরিফকে মাদক ব্যবসা করতে নিষেধ করে আইনশৃঙ্খলা সংক্রান্ত কিছু উপদেশমূলক কথা বলেন। আর এ জন্য ওই শিক্ষকের উপর বেশ কয়েকদিন ধরেই শরিফ ক্ষিপ্ত। বৃহস্পতিবার মাদক ব্যবসায়ী শরিফ আচমকা বিদ্যালয়ে ঢুকে ওই শিক্ষকের উপর হামলা চালায়। এ সময় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বখাটে শরিফের হাত থেকে ওই শিক্ষককে উদ্ধার করে।
তাৎক্ষণিক শরিফকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করে। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করে।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’