নিজামীর সঙ্গে সাক্ষাৎ করলেন স্ত্রী-সন্তানরা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৪:৪৮
 
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূরা। বৃহস্পতিবার দুপুরে তারা কাশিমপুর কারাগারের একটি কক্ষে প্রায় আধঘণ্টা ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, দুপুর পৌনে ১টার দিকে নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, মেয়ে খাদিজা তাহেরা, পুত্রবধূ সালেহা ও রাইয়ান দেখা করেছেন। পারিবারিক বিষয়ে এবং মৃত্যুদণ্ডের রায়ের রিভিউর ব্যাপারে তারা কথা বলেছেন বলে জানা গেছে।
 
সাক্ষাৎ শেষে দুপুর দেড়টার দিকে তারা কারাচত্বর ত্যাগ করেন বলে নাশির জানান। 
 
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের পরোয়ানা পাওয়ার পর এ নিয়ে চারবার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করলেন।