তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুকে যারা খাটো এবং কটাক্ষ করে তারা রাজাকার, পাকিস্তানের ভূত এবং নব্য রাজাকার। বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমি এবং বিশ্ববাংলা কবিতা পরিষদের উদ্যোগে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেন, বাঙালির পুনঃআবিষ্কারের প্রেরণাদাতা, স্বাধীনতার পথপ্রদর্শক শেখ মুজিবুর রহমান। তাকে নিয়ে যে কুচক্রীমহল কটাক্ষ করে তাদেরকে বর্জন করতে হবে। দেশের মাটিতে তাদের জায়গা নেই।
এসব অপশক্তি বাংলাদেশকে মানেনি এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে কখনো জানার চেষ্টা করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যারা মন খুলে কথা বলতে জানে না তাদের বর্জন করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সকলকে কঠোর অবস্থান যাওয়ার উচিত।
তিনি বলেন, ইতিহাস চর্চা করলে নতুন ইতিহাসের জন্ম হয়। তেমনি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আরো আলোচনা ও চর্চা বাড়াতে হবে। কেননা তিনি নিজেই একটি ইতিহাস।
তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি ও গণতন্ত্রের প্রতীক। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহান নেতার রাজনৈতিক কার্যক্রম দেশের মানুষের কাছে তুলে এনেছেন।
জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক ও কবি অসীম সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ উল আলম লেলিন ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পী হাসান ইমাম। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববাংলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী এবং বাংলা একাডেমির পরিচালক আব্দুল হাই।-বাসস।
