তিনদিন আগে আবাসিক এলাকা থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাস সময় দিলেও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল উচ্ছেদে যাওয়ার আগে সরকার এলাকাবাসীর কথা শুনবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকে সেবামূলক ও বাণিজ্যিক উভয়ই বলতে পারেন। যদি এটি সেবামূলক হয়ে থাকে তবে একে কমার্শিয়ালি ব্রান্ডেড করব না। কমার্শিয়াল ব্রান্ড্রেড হলেই কিন্তু সেগুলো উচ্ছেদ করতে হবে। সেবামূলক হয়ে থাকলে আবাসিক এলাকায় কোনো ক্ষতি করছে না। যদি সেবামূলক কাজ হয়, অনুমতি দিতে কোনো অসুবিধা নেই।’
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে আবাসিক এলাকায় লাইসেন্স নিয়েও গড়ে ওঠা অন্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে বলে জানান মোশাররফ হোসেন।
আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করার সময় দুর্নীতি হলে কি ধরনের পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দুর্নীতির ভাবটা বুঝি, দুর্নীতি কোন লেভেলে যায় সেটা দেখি। আগেই কীভাবে বলি কী ব্যবস্থা নেব?’
