খুলনায় জেপির যৌথসভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:৫৯
জাতীয় সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুলনার মানিক মিয়া শপিং কমপ্লেক্সে মহানগর ও জেলা জাতীয় পার্টির (জেপি) যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টি ও প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা শেখ শাহীন আজাদ।
 
সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ধারাকে অব্যাহত রাখতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতিকে পরাভূত করতে হবে। এ জন্য পার্টি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টির (জেপি) সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
তিনি আগামী শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির (জেপি) জাতীয় সম্মেলন সফল করার জন্য পার্টির সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।
 
সভায় অন্যদেরর মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শহীদুজ্জামান, সদস্য সচিব অধ্যক্ষ ডা. এম.এন আলম সিদ্দিক, অধ্যাপক মোশাররফ হোসেন, মহানগর মহিলা পার্টির আহ্বায়ক আয়েশা বেগম, হায়দার আলী হাওলাদার, ফরিদউজ্জামান ফরিদ প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব চৌধুরী হাবিবুর রহমান।