নাশকতার একটি মামলায় জামিন পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কারাবন্দি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তবে বিস্ফোরকের আরেক মামলায় তার জামিন আবেদন নাকচ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একটি আদালতে তার জামিনের আবেদন মঞ্জুর এবং অন্য আদালতে জামিন নাকচ হয়।
রাসিক মেয়র বুলবুলের আইনজীবী রইসুল ইসলাম জানান, গত বছরের ২৪ জানুয়ারি মহানগরীর মতিহার থানায় দায়েরকৃত নাশকতার একটি মামলায় মেয়র বুলবুলকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করে জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে দুপুরে বিচারক আলতাফ হোসেন তার জামিন মঞ্জুর করেন।
তবে গত বছরের ৮ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা বিস্ফোরকের অপর মামলায় রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের উপস্থিতিতে জামিনের আবেদনের শুনানি হয় রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে। শুনানি শেষে বিচারক জাহেদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপি জোটের টানা অবরোধ-হরতালের নাশকতার ঘটনায় রাসিক মেয়র বুলবুলের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করে পুলিশ। ইতোমধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এই ৪টি মামলার মধ্যে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলাও রয়েছে।
তবে সিদ্ধার্থ হত্যা মামলায় বুলবুল জামিনে রয়েছেন। একের পর এক মামলার ঘটনায় গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আত্মগোপনে থাকাবস্তায় গত বছরের ৭ মে তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। গত ২৪ মার্চ হাইকোর্টের আপিল বিভাগ মোসাদ্দেক হোসেন বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের মন্ত্রণালয়ের আদেশ অবৈধ ঘোষণা করেন। এর আগে গত ১৩ মার্চ মেয়র রাজশাহীর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে মেয়র বুলবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
