গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ২০:৪৬
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাফি মিয়া (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাফি মিয়া বোয়ালি ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রামের আলম মিয়ার ছেলে ও স্থানীয় দক্ষিণ কামারজানি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
 
বোয়ালী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু পরিবারের বরাত দিয়ে জানান, বিকেলে প্রতিবেশি মকবুল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম রাফিকে একটি গাছে উঠে সজনা পারতে বলেন। রাফি ওই সজনা গাছে ওঠে। কিন্তু হঠাৎ করে ওই গাছের ডাল ভেঙে সে মাটিতে পড়ে। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।