বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। এনিয়ে দুই নেতার স্নায়ু চাপ ছিল। এর মধ্যেই ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল এর ১১ দিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলটির মহাসচিব মনোনীত করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে গয়েশ্বর রায়ের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে উপস্থিত হন মির্জা ফখরুল। এ সময় নতুন মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গয়েশ্বর।
এর পর বিএনপির এই দুই শীর্ষ নেতা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। মধ্যাহ্নভোজে গয়েশ্বর রায়ের বাসা থেকে আনা খাবার পরিবেশন করা হয়। মধ্যাহ্নভোজে বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকাল সাড়ে ৩টার দিকে গয়েশ্বর রায়ের কার্যালয় ত্যাগ করেন বিএনপির নতুন মহাসচিব।
