সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশন শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য রয়েছে। ওইদিনের আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার ১৯ নম্বর ক্রমিকে রিভিউ পিটিশনটি অন্তর্ভুক্ত রয়েছে। তবে শুনানি মুলতবির জন্য একটি আবেদন দাখিল করেছে আসামি পক্ষ।
গত ৩ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য কার্যতালিকায় আসে। কিন্তু আসামি পক্ষ ৬ সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এক সপ্তাহ সময় মঞ্জুর করে। সেই মোতাবেক রবিবার রিভিউ পিটিশন শুনানির জন্য রয়েছে।
বুদ্ধিজীবী নিধনসহ মানবতা-বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ মার্চ প্রকাশ পায়। রায় প্রকাশের পর গত ২৯ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ পিটিশন দাখিল করেন নিজামীর আইনজীবীরা।
নিজামীর সঙ্গে কারাগারে পরিবারের সদস্যদের সাক্ষাৎ
গাজীপুর প্রতিনিধি জানান গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যু পরোয়ানাপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমানের সাথে তার পরিবারের সদস্যরা সাক্ষাত্ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নিজামীর সাথে সাক্ষাত্ করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ জানান, নিজামীর সাথে সাক্ষাতের জন্য পরিবারের সদস্যরা গতকাল বৃহস্পতিবার আবেদন করেন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নজীব মোমেন, দুই পুত্রবধূ ও মেয়েসহ পরিবারের ৬ সদস্য নিজামীর সঙ্গে সাক্ষাত্ করেন। প্রায় আধা ঘণ্টা তাদের মধ্যে কথা হয়। মতিউর রহমান নিজামী কাশিমপুর কারাগার পাট-২ এর কনডেম সেলে বন্দী রয়েছেন।
