ব্লগার নাজিমুদ্দিনকে পারিবারিক কবরস্থানে দাফন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১২:৫৭
 
মুক্তমনা ব্লগার, গণজাগরণ মঞ্চের কর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাজিমুদ্দিন সামাদের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের টুকা ভরাউট তার নিজ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
 
নিহত নাজিমের মামাতো ভাই ছাদেক আজাদ জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে নাজিম উদ্দিন সামাদের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় নিহতের বাড়িতে কান্নার রোল পড়ে। 
 
পরে সকাল ১১টায় টুকা ভরাউট জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 
 
গত বুধবার রাতে ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নাজিম উদ্দিন সামাদ নিহত হন। পরে নিহত নাজিম উদ্দিনের চাচাতো ভাই লন্ডন প্রবাসী বদরুল হক বৃহস্পতিবার বিকালে দেশে ফিরে রাত ১১টা ২০ মিনিটে সূত্রাপুর থানার মাধ্যমে ঢাকা মেডিকেল মর্গ থেকে লাশ গ্রহণ করেন। পরে তিনি অ্যাম্বুলেন্সে করে সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের টুকা ভরাউট গ্রামের উদ্দেশে রওয়ানা দেন। শুক্রবার ভোর সাড়ে ৬টায় লাশ হয়ে বাড়ি ফিরেন নাজিম।