মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৩:১৭
 
ময়মনসিংহ অঞ্চলসহ খুলনা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। খবর বাসস।
 
রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
 
আজ সকাল ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস সর্বোচ্চতাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী চব্বিশ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় সকাল ৫টা ৪৩ মিনিটে।
আগামী ৭২ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। 
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ান পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।