চুয়াডাঙ্গায় ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৩:৩৮
চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
 
জানা গেছে, দর্শনা পৌর ভবনের পেছনে ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র ভবন। সম্প্রতি এর নির্মাণ কাজে প্রয়োজনীয় রডের পরিবর্তে বাঁশের চটা বা কঞ্চি ব্যবহারের অভিযোগ ওঠে। একই সঙ্গে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তারা।
 
বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ও জেলা কৃষি কর্মকর্তা নির্মল কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা।IMG0
 
উল্লেখ্য, ৩ হাজার ৭৫০ বর্গফুটের একটি আধুনিক ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণের কাজ পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল।  ভবনের প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।