বাংলাদেশে ধর্মান্ধতার বিরুদ্ধে লেখালেখির কারণে সামনের দিনগুলোতে বিপদের মুখে পড়তে পারেন এমন ব্লগারদের আশ্রয় দেয়ার বিষয়ে ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার ঢাকার রাস্তায় অজ্ঞাত দুর্বৃত্তরা অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে গুলি করে হত্যা করে। হত্যাকারীরা ‘আল্লাহু আকবর’ বলে নাজিমুদ্দিনের উপড় ঝাপিয়ে পড়ে এবং এক পর্যায়ে গুলি করে খুনের পর মোটর সাইকেলে পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্লগারদের আশ্রয় দেয়ার বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। সূত্র- ফক্সনিউজ ডটকম ও এবিসি নিউজ।
সূত্রের খবরে প্রকাশ, গত বছর একই কায়দায় পাঁচ সেক্যুলার ব্লগার ও প্রকাশক খুন হন। এসব ঘটনায় এই উদ্বেগ বাড়ছে যে, বাংলাদেশে চরমপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে। আর তাদের প্রতিরোধে বার বার ব্যর্থ হচ্ছে সরকার।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার গ্রুপ ‘অফ পেন আমেরিকান’ এর এক কর্মকর্তা কারিন দেতুস কারলেকার বাংলাদেশের সেক্যুলার লেখকদের যুক্তরাষ্ট্রে ‘মানবিক আশ্রয়’ দানের আহ্বান জানান। নাজিমুদ্দিন সামাদ খুনের ঘটনাকে ‘উদাসীনতার নির্মম মূল্য’ বলে অভিহিত করে তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে এই আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টনার ‘বর্বরোচিত হত্যাকাণ্ড’ এর তীব্র সমালোচনা করেন। তিনি সাংবাদিকদের জানান, চরমপন্থীদের বিরুদ্ধে লড়তে থাকা বাংলাদেশিদের অব্যাহত সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র।
তিনি আরও জানান, সামনের দিনগুলোতে বিপদের মুখে পড়তে পারেন এমন ব্লগারদের নির্বাচিত করে তাদের মানবিক আশ্রয় দেয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
