আগামী পর্বের ইউপি নির্বাচন স্থগিত করার আহ্বান

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৫:২৪
স্থানীয় নির্বাচনে ব্যর্থতার দায়ে অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগসহ ইউনিয়ন পরিষদের আগামী পর্বের নির্বাচনগুলো স্থগিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা।
 
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মতবিনিময় সভা আয়োজন করে নেতারা এ আহ্বান জানান। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার এখন মৃত। তিনটি পর্যায়ে ধীরে ধীরে নির্বাচনকে অকার্যকর করা হয়েছে। এখন নির্বাচন বলে কিছু আসলে নেই। 
 
‘ইউনিয়ন পরিষদ নির্বাচন, নির্বাচনী ব্যবস্থা ও স্থানীয় সরকারের ভবিষ্যৎ’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু হাসান।