আর্সেনিক দূষণ নিয়ে ব্যপক প্রচারণা ও সচেতনতা মূলক কার্যক্রম চালানোর পরও বাংলাদেশে প্রতি বছর ৪৩ হাজার মানুষ আর্সেনিক যুক্ত পানি ব্যবহারের কারণে মারা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইরিশ টাইমস।
প্রতিবেদনটিতে বলা হয় এখনও দেশের ২ কোটি মানুষ আর্সেনিক যুক্ত পানি পান করছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আর্সেনিক মুক্ত হাজার খানেক বিকল্প খাবার পানির ব্যবস্থা থাকা সত্তেও তারা আর্সেনিকের মত বিষ যুক্ত পানি পান করছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সরকারের স্বজনপ্রীতি এবং এনজিও গুলোর নিষ্ক্রিয়তাই মূলত এর জন্য দায়ী। সম্প্রতি করা এক গবেষণা থেকে জানা যায়, ৪৩ হাজার মানুষ প্রতিবছর এই রোগে মারা যাচ্ছে। এর মধ্যে চামড়ায় ক্যানসার হয়ে বা ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়ে অধিকাংশের মৃত্যু হচ্ছে।
সরকারি প্রতিবেদন অনুসারে ২০০০-০৩ সালের মধ্যে বাংলাদেশের গ্রামে ৫০ লাখ নলকূপে আর্সেনিক পরীক্ষা করানো হয়েছে। এ সময় নলকূপ বা গভীর পাম্প মেশিনগুলোকে লাল ও সবুজ রং দ্বারা বিপদজনক ও বিপদমুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০০৩ সালেও ২ কোটি মানুষ আর্সেনিক যুক্ত পানি পান করত। এরপর আর্সেনিকের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পেলে সরকার এই কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু বর্তমানে আবারো আর্সেনিকের কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে দেশের বড় অংশের মানুষ।
