শিয়াল যখন কুকুরের মত!

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৮:৪১
 
এক সময় শিয়ালের বাস ছিল বনে-জঙ্গলে। শিয়ালের দেখা মেলা ছিল ভার। এখন আর সেই আগের দিন নেই। বনে জঙ্গলে খাদ্যাভাব দেখা দেয়ায় বনের শিলাল এখন লোকালয়ে আসে দিনদুপুরে। দেখলে মনে হয় কুকুর ঘুরছে। বনের শিয়াল এখন অহরহই ধরা পড়ছে মানুষের হাতে কেউ বা আটকের পর ছেড়ে দিচ্ছে আবার কেউ পিটিয়ে মেরে ফেলছে। শিয়ালের দল হিংস্র হয়ে কামড়ে দিচ্ছে মানুষ ও গৃহ পালিত প্রানীকে।
 
ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়নের বিশেষ করে পাহাড়ি ইউনিয়নের দিনদুপুরে শিয়াল ঘুরা প্রত্যক্ষ করা যায়। বনে জঙ্গলে খাদ্যাভাবের কারণে লোকালয়ে বিচরণ করছে কুকুরের মত। আগে শিয়াল কুকুর দেখলে দৌড়ে পালাতো এখন শিয়ালের দাপটে দৌড়ে পালায় কুকুর। রাতে শিয়ালগুলো বিচরণ করে সড়ক দিয়ে। যানবাহন দেখে এরা এখন আর আগের মত ভয় পায় না। যানবাহন দেখলে সড়কে এক পাশে গিয়ে একটু আশ্রয় নিয়ে দলবেঁধে সড়কে আবার মাতামাতি শুরু করে। রাতে মোটর সাইকেল চালকদের কাছে শিয়াল এখন আতংকের নাম। শিয়ালের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে আহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত।