পানামা পেপার্স কেলেঙ্কারিতে তার নাম আসার প্রতি ইঙ্গিত করে সকল অভিযোগ প্রত্যাখান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পানামা পেপার্স ফাঁস হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো এ ব্যাপারে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট।
তিনি পাল্টা অভিযোগ করেন, তার প্রতিপক্ষরা রাশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পানামার একটি ল’ ফার্মের ফাঁস হয়ে যাওয়া গোপন নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী একটি সন্দেহজনক অর্থ পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে প্রকাশ পায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এসব নথিতে বিলিয়ন ডলার পাচারের একটি চক্রের সন্ধান মিলেছে, যা পরিচালিত হয় রুশ মালিকানাধীন ব্যাংক রোশিয়ার মাধ্যমে। রাশিয়া ক্রাইমিয়াকে নিজেদের অংশ করে নেওয়ার পর ব্যাংক রোশিয়া নামের ওই ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
নথিতে দেখা যায়, রুশ প্রেসিডেন্টের অন্যতম ঘনিষ্ঠ এক বন্ধু সের্গেই রোলদুগিন ইন্টারন্যাশনাল মিডিয়া ওভারসিস এবং সোনেত্তি ওভারসিস -এর মালিক। কোনো ধরনের দুর্নীতির সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে পুতিন বলেন, রাশিয়ার পশ্চিমা প্রতিপক্ষরা
“রুশদের সংহতি ও ঐক্য দেখে অস্বস্থি বোধ করছে। আর এ কারণেই তারা আমাদের বাধ্য করার চেষ্টা চালাচ্ছে।” তিনি আরো বলেন, তারা পানামা পেপার্সে পুতিনের নাম খুঁজে পায়নি। ‘তারা তথ্যের একটি পণ্য তৈরি করেছে।’ বিবিসি
