টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুরে শুক্রবার সকালে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে।
নিহতরা হলো- সিএনজি অটোরিক্সা চালক কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আক্তার হোসেনের ছেলে সাদিকুল (৩০), লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার নিকশেখ সিন্ধু গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শহর আলী (২৫), একই এলাকার কলিম উদ্দিনের ছেলে জহর আলী (৩৫)।
এ ঘটনায় আহতরা হলো- হাতিবান্ধা উপজেলার গন্ডিমারে এলাকার মৃত হায়াত আলীর ছেলে আয়নাল (৬০), নিকশেখ সিন্ধু গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইয়াকুব (৩৮), একই এলাকার সঞ্জা (২৫)।
কালিহাতী এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাক শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে টাঙ্গাইলের রসুলপুরে উৎসব ফিলিং স্টেশনের কাছে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে আটক করেছে, কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা হয়েছে। খবর -বাসস।
