মৃদু তাপপ্রবাহ আরো তিনদিন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২১:২০
 
রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তা আরো তিনদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
 
এই সময়ে ময়মনসিংহ অঞ্চলসহ খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
 
বাংলা পঞ্জিকা অনুযায়ী, শুক্রবার ছিল ২৫ চৈত্র। বৈশাখ শুরুর আগে চলতি মৌসুমের এটাই প্রথম তাপপ্রবাহ।
 
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
 

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল সর্বোচ্চ ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সিলেট, রাজশাহী ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিও হয়েছে।